রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার বিকালে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা (ডিবি) তাকে গ্রেফতার করে। জানা গেছে, চিন্ময় কৃষ্ণ দাস ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন, তখন তাকে গ্রেফতার করা হয়।
৫ আগস্টের পর দেশে সনাতন ধর্মাবলম্বীদের নামে কয়েকটি সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে চিন্ময় কৃষ্ণ দাস বর্তমান সরকারের বিরুদ্ধে নানা হুমকি-ধমকি দিয়ে বক্তব্য রাখেন। তিনি ২৫ অক্টোবর চট্টগ্রামের লালদীঘি মাঠে ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে অনুষ্ঠিত সমাবেশে বিশেষভাবে আলোচিত হন।
এ সমাবেশ বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের উদ্যোগে হয়, যেখানে চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশের হিন্দুদের মন্দিরে হামলা, বাড়িঘরে লুটপাট এবং অগ্নিসংযোগের অভিযোগ করেন। তবে তার বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগ রয়েছে এবং তিনি বিভিন্ন সময় উসকানিমূলক বক্তব্য দিয়ে আসছেন।
চিন্ময় কৃষ্ণ দাস ইসকনের অন্যতম সংগঠক এবং সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। সনাতন ধর্মাবলম্বীদের কাছে তিনি চিন্ময় প্রভু নামেও পরিচিত।
গত ৩০ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে মামলা দায়ের করা হয়। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী দুজনকে গ্রেফতার করে, তারা হলেন রাজেশ চৌধুরী ও হৃদয় দাশ। ফিরোজ খান নামের একজন বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেছেন।
0 মন্তব্যসমূহ